আড়াই মাস! হ্যাঁ, আড়াই মাস সময় নিয়ে নিজেকে একটি চরিত্রের জন্য প্রস্তুত
করেছেন অভিনেতা আফরান নিশো। জানালেন, এই একটি চরিত্রের জন্য অনেক নাটকে
অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে তাঁকে। কিন্তু সেই একটি চরিত্রে
অভিনয়ের জন্য যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখন পা বেঁধে তাঁকে অভিনয় করতে
হলো। অচেনা মেঘের সন্ধানে টেলিছবিতে অবশ্য পা বাঁধা অবস্থায় দেখা যাবে
না, কারণ বাঁধা পা থাকবে ঢাকা। তবে নিশোর সেই পরিশ্রম ঠিকই নজরে পড়বে
দর্শকদের।
কৌশিক শংকর দাশের রচনা ও পরিচালনায় অচেনা মেঘের সন্ধানে
টেলিছবিতে নিশোকে দেখা যাবে পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তির চরিত্রে। হঠাৎ
করেই তাঁর পায়ের নার্ভ শুকিয়ে পা অচল হয়ে গেছে। অসুস্থতার কারণে
অবসাদগ্রস্ত ব্যক্তিটি প্রায়ই চিৎকার-চেঁচামেচি করে। টেলিছবিতে এমনটাই দেখা
যাবে। কিন্তু এই চিৎকার-চেঁচামেচির দৃশ্য ধারণ করতে গিয়ে অভিনেতা নিশোর
ওপর দিয়ে কী ধকলটাই না গেছে! নিশো বললেন, ‘খুব জোরে চিৎকার করলে
হাত-পায়েও একধরনের প্রভাব পড়ে, একটু হলেও নড়ে ওঠে। কিন্তু একজন
পক্ষাঘাতগ্রস্ত রোগীর এমন হওয়ার কথা নয়। তাই আমাকে ঠিক তেমনভাবেই নিজেকে
তুলে ধরতে হয়েছে। চিৎকার-চেঁচামেচির দৃশ্যগুলো ধারণের সময় পা বেঁধে কাজ
করতে হয়েছে, যেন ভুল করেও পা নড়ে না ওঠে।’
আজ মাছরাঙা টেলিভিশনে টেলিছবিটি দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে। এতে নিশোর সঙ্গে আরও অভিনয় করেছেন শারলিন ও কুমকুম হাসান।
No comments:
Post a Comment