অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ভেবে দারুণ খুশি পরিচালক এস এ হক অলীক। বললেন, ‘অনেক বছর পর আমি ছবি নির্মাণে এসেছি। ছবিটির শুটিংয়ে আমরা সবাই অনেক পরিশ্রম করেছি। ভেবেছিলাম পোস্ট প্রোডাকশন দেশের বাইরে থেকে করব। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু ভিসা জটিলতায় সঠিক সময়ে দেশের বাইরে না যেতে পারায় ঈদের আগে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। শুটিংয়ের পর পোস্ট প্রোডাকশনসহ আনুষঙ্গিক ব্যাপারগুলো সুন্দরভাবে করেছি। প্রত্যাশার তো শেষ নাই, তারপরও আমাদের মতো করেই ছবিটিকে তৈরি করেছি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’
আরও ভালোবাসবো তোমায় ছবিটি নিয়ে বেশ আশাবাদী অলীক। আজ শুক্রবার দুপুরে আলাপকালে তিনি এও বললেন, ‘আমার ছবির পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত থাকায় এত দিন ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো দেখতে পারিনি। আজ শুক্রবার থেকে ছবিগুলো দেখা শুরু করেছি। ঈদের ছবির দ্বিতীয় সপ্তাহ চলছে। বৈরী আবহাওয়া সত্ত্বেও এবারের ঈদের ছবিগুলো দেখতে বিভিন্ন প্রেক্ষাগৃহে মানুষের লম্বা লাইন দেখছি, যা অনেক দিন দেখা যাচ্ছিল না। বাংলাদেশি চলচ্চিত্রের জন্য ব্যাপারটি খুবই ইতিবাচক। বলতে পারেন, আমিও বেশ আশাবাদী।’
হৃদয়ের কথা অলীক পরিচালিত প্রথম ছবি। ছবিটিতে অভিনয় করেন রিয়াজ ও পূর্ণিমা। এই পরিচালকের সর্বশেষ ছবিটি হচ্ছে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’। ২০০৮ সালে ছবিটি মুক্তি পায়। নতুন ছবি প্রসঙ্গে অলীক বলেন, ‘আমার আগের দুটি ছবি বাংলাদেশের দর্শকেরা খুব ভালোভাবে গ্রহণ করে। একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে আমি ছবিটি বানিয়েছি। আমার মতো করে সুন্দরভাবে একটা গল্প বলার চেষ্টা করেছি।’
আরও ভালোবাসবো তোমায় ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও পরীমনি। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীরা হলেন সোহেল রানা, চম্পা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ প্রমুখ। আর অতিথি চরিত্রে অভিনয় করেছেন ববি। ছবির গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, হাবিব, হৃদয় খান, কোনাল, কিশোর, ইমরান ও লেমিস। ছবিটির সবগুলো গানের কথা লিখেছেন পরিচালক অলীক নিজে। একটি গান লিখেছেন কবির বকুল।
No comments:
Post a Comment