বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী ২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ অভিনয়শিল্পী বিন্দু। বিয়ের আগেই দূরে সরে যান টিভি নাটক থেকে। বিয়ের পরও তাঁকে আর সেভাবে টিভিতে দেখা যায়নি। এড়িয়ে চলেছেন গণমাধ্যমকেও। একসময়ের আলোচিত এই অভিনেত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। গতকাল রোববার দুপুরে হঠাৎ করেই ভাইবারে কথা হয় তাঁর সঙ্গে। কথোপকথনে উঠে আসে সংসার ও তাঁর কাজে ফেরার ভাবনা নিয়ে নানা কথা।
অনেক দিন আপনার কোনো খোঁজখবর নেই। কেমন আছেন?
আমি আমার মতো করেই আছি। অনেক ভালো আছি। শ্বশুরবাড়ির সবাই আমাকে নিজেদের মেয়ের মতো দেখেন।
নিউইয়র্কে গেলেন কেন?
আমার স্বামী আসিফ সালাউদ্দিনের ব্যবসায়িক কাজ ছিল। সম্প্রতি আমার মা–বাবাও নিউইয়র্কে এসেছেন। সব মিলিয়ে এখানে আসা। ২৪ অক্টোবর ছিল আমার প্রথম বিবাহবার্ষিকী। প্রথম বিবাহবার্ষিকী যে এখানে পালন করতে হবে, তা ভাবিনি। এক সুযোগে সেটাও পালন করে ফেললাম।
বিবাহবার্ষিকী কাটালেন কীভাবে?
সেভাবে কিছুই করা হয়নি। দুজন মিলে ঘুরেছি। আড্ডা দিয়েছি। সবচেয়ে ভালো লেগেছে ওই দিন ফটোশুট করে। আগেও ফটোশুট করতাম, এখনো ফটোশুট করি! তফাত হচ্ছে একটাই, এখন স্বামীর সঙ্গে ফটোশুট করি। এটা যে কী পরিমাণ আনন্দের ছিল, তা বলে বোঝানো সম্ভব নয়। তবে ২৬ অক্টোবর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করছি।
ঢাকায় ফিরছেন কবে?
২৯ অক্টোবর ঢাকায় ফিরব।
দেশে ফিরে কি নাটকের কাজ শুরু করবেন?
এখনো সেভাবে ভাবছি না। তবে দর্শকদের অনেক বেশি মিস করি। সত্যি কথা বলতে, এখনকার জীবনের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আমি অসম্ভব ভালো আছি। সংসারজীবন দারুণ আনন্দে কাটছে।
ফেসবুকে আপনাদের বেড়ানোর অনেক ছবি দেখা যাচ্ছে।
নিউইয়র্কে এসে রোমানা (অভিনেত্রী) আপুর সঙ্গে দেখা হয়েছে। তাঁর সঙ্গে অনেকটা সময় কেটেছে। আমরা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরেছি। তারই ছবি আপু পোস্ট করেছেন।
সাক্ষাৎকার: মনজুর কাদের
No comments:
Post a Comment